POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর থেকে অপহরণকৃত ১০মাসের একটি শিশুকে উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১ | সময়: ৬:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে অপহৃত ১০ মাসের একটি শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার মতলব এলাকা থেকে শিশুটি উদ্ধার হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছয়জন হলেন মো. ফরহাদ, মো. দুলাল, মো. সবুজ, হালিমা বেগম, আসমা বেগম ও মো. বেলাল। পুলিশ বলেছে, শিশুটিকে অপহরণ করে ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় চাঁদপুরে।

গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার ইদ্রিস কলোনির বাসিন্দা জাহানারা বেগম তাঁর ১০ মাস বয়সী শিশু মোহাম্মদ আকাইদকে ঘরে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। কিছুক্ষণ পর এসে দেখেন, ঘরে শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন পাহাড়তলী থানায় মামলা করেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান  বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শাপলা আবাসিক এলাকা থেকে ফরহাদ, দুলাল ও সবুজকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের হালিশহর এলাকা থেকে হালিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পরে হালিমা পুলিশকে বলেন, চুরি করা শিশুটিকে তাঁর বোন আসমা বেগমের কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। পরে চাঁদপুরের মতলব থানা এলাকায় অভিযান চালিয়ে আসমাকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁদের অপহরণে জড়িত বেলালকে গ্রেপ্তার করা হয়। ওসি মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হচ্ছে।

শিশুটির মা জাহানারা বেগম  বলেন, ছেলেকে উদ্ধারে কাজ করায় পুলিশের প্রতি তিনি কৃতজ্ঞ।

সূত্র:প্রথম আলো

R/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন