POPULAR BD NEWS
Popular BD News Logo

আরেক দফা বাড়লো নিত্যপণ্যের দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১ | সময়: ১২:১৫ অপরাহ্ণ

দুই দিনের ব্যবধানে আরেক দফা বেড়েছে ভোজ্যতেলের দাম। দামে লাগাম টানতে সরকারের পক্ষ থেকে চিনির দর নির্ধারণ করা হলেও বাজারে কার্যকর করা যায়নি। আগের মতো বাড়তি দরেই বিক্রি হচ্ছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে আটা-ময়দা, দেশি পেঁয়াজ, আলু, দেশি আদা ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও রামপুরা বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

তারা জানান, প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৩০ টাকা, যা দুই দিন আগেও ১২৬ টাকা ছিল। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৭১৫ টাকা, যা এক দিন আগে ছিল ৭১০ টাকা। পাশাপাশি প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হয়েছে ১২০-১২৬ টাকা, দুই দিন আগে ছিল ১১৬-১২০ টাকা। এছাড়া প্রতি লিটার পাম অয়েল সুপার বিক্রি হয়েছে ১২৫ টাকা, যা দুই দিন আগে ছিল ১২০ টাকা।

এদিকে বৃহস্পতিবার সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পণ্য মূল্যতালিকা পর্যালোচনা করে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১ দশমিক ১৫ শতাংশ, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনে শূন্য দশমিক ৩৬ শতাংশ, খোলা পাম অয়েল লিটারে ৪ দশমিক ২৪ শতাংশ এবং পাম অয়েল সুপারে ২ শতাংশ বেড়েছে।

রাজধানীর কাওরান বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. সালাউদ্দিন  অভিযোগ করে বলেন, ভোজ্যতেলের দামে সংশ্লিষ্টরা লাগাম টানতে পারছে না। বিশ্ববাজারে দাম বৃদ্ধির অজুহাতে প্রতিনিয়ত গত বছর থেকে দাম বাড়িয়েই যাচ্ছে।

সূত্র: যুগান্তর

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন