POPULAR BD NEWS
Popular BD News Logo

আসন্ন ইউপি নির্বাচনে সব দলকে শৃঙ্খলা মানতে হবে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১ | সময়: ৭:১২ অপরাহ্ণ

‘আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা যেন বিজয়ী হতে পারে—সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। যাঁরা আওয়ামী লীগ করেও নৌকার প্রার্থীদের হারানোর চেষ্টায় বিদ্রোহী প্রার্থী হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় বছর ধরে করোনার কারণে আওয়ামী লীগের অনেক জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ করা যায়নি। অনেক কমিটিই মেয়াদোত্তীর্ণ। এই মুহূর্তে করোনার সংক্রমণ অনেকটা কমে এসেছে, এখন স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করতে হবে। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করে দলকে আরও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ দলের সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।

অসৎ, সুযোগসন্ধানী ও সুদিনের মৌমাছির মতো যাঁরা দলে ভিড়েছেন, তাঁদের কোনোভাবেই কমিটিতে স্থান দেওয়া হবে না বলে জানান আব্দুর রাজ্জাক। কমিটিতে তৃণমূলের পরীক্ষিত, নিবেদিত ও দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদেরই জায়গা দেওয়া হবে। একই সঙ্গে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন এবং কমিটি গঠনের কার্যক্রম দ্রুত করা হবে বলে জানান মন্ত্রী।

সূত্র:প্রথম আলো

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন