
মেহজাবীন বলেন, ‘বলিউডের গুণী পরিচালক বিশাল ভরদ্বাজের কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, গল্পের প্রয়োজনেই বাংলাদেশের কোনো অভিনেত্রীকে খুঁজছেন। এরপর আমাকে সিনোপসিস দেওয়া হয়। পড়ার পর বুঝতে পারি, এটি পলিটিক্যাল জনরার গল্প। এই গল্পে বাংলাদেশের এমন কিছু রাজনৈতিক ইস্যু তুলে ধরা হয়েছে, যা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এ ধরনের কোনো গল্পে নিজেকে জড়াতে চাইনি বলেই না করে দিয়েছি।’
বলিউডের অন্যতম নির্মাতা বিশাল ভরদ্বাজের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো বিখ্যাত সব চলচ্চিত্র। এই পরিচালকের ‘খুফিয়া’ নামের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার খবর আরেক অভিনেত্রী মিম সম্প্রতি জানান।
