POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ফসলের মাঠে মিললো নবজাতক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১ | সময়: ১১:৩৩ অপরাহ্ণ

কুমিল্লায় দেবীদ্বারে ফসলের মাঠে নালায় একটি নবজাতককে পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামে এই নবজাতকটিকে পাওয়া যায়। এরই মধ্যে পোকামাকড়ের কামড়ে ক্ষতবিক্ষত শিশুটি অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। ভৈষেরকোট গ্রামের ভূঁইয়া বাড়ির পাশে একটি ফসলী ক্ষেতের পানি নিষ্কাশনের নালায় পড়ে থাকা অবস্থায় দেখতে পায় পথচারীরা। শিশুর কান্না শুনে এগিয়ে যায় পথচারিরা।

একপর্যায়ে শত শত উৎসুক জনতা ভীড় করলেও কেউ শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসেনি। পরে শিশুটিকে কোলে তুলে নেন ভৈষেরকোট গ্রামের সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলামের সালমা আক্তার। অসুস্থ ও পোকামাকড়ের কামড়ে ক্ষতবিক্ষত শিশুটিকে মায়ের আদরে কোলে তুলে নেন তিনি এবং পরে দেবীদ্বার থানা পুলিশকে খবর দেন।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান শিশুটির সার্বিক চিকিৎসা সেবা দেয়া হয়।

সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় শিশুটির খোঁজ খবর নিতে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান দেবীদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম।

এরই মধ্যে শিশুটিকে দত্তক নিতে বেশ কয়েকজনের মৌখিক আবেদনও জানাতে দেখা যায়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন