কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র্যাব-১১। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার উত্তর রামপুর ছয়াবাড়ী ও দক্ষিন আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল।
ওইসময়, ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ একজন ও পৃথক আরেকটি অভিযানে ০৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক ব্যবসায়ীদের সাথে থাকা একটি প্রাইভেটকার ও মটর সাইকেল জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুন্সিগঞ্জ জেলার সদর থানার পাঁচ ঘড়িয়াকান্দি গ্রামের মৃত মোতালেব সরকার এর ছেলে মো. টিটু সরকার (২৮), কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার গৌরীপুর (সর্দার বাড়ী) গ্রামের মো. মিজান রহমান এর ছেলে মোঃ নাহিদ (২০), কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার দূর্গাপুর গ্রামের মো. খলিলুর রহমান এর ছেলে মো. আশিকুর রহমান রাব্বি (২০)।
এক প্রেস বিঞ্জপ্তিতে র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার ও মটর সাইকেলে করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদব্র সহ ব্যবহারকৃত প্রাইভেটকার ও মটর সাইকেল আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।