POPULAR BD NEWS
Popular BD News Logo

এক বছরে জমা পড়লো ২০টি ব্যাগ, অসহায়দের মাঝে বিতরণের সিদ্ধান্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ | সময়: ৮:২৩ অপরাহ্ণ

প্রতিদিন হাজার হাজার যাত্রী বহন করে থাকে সিএনজি অটোরিকশা, মানুষের প্রয়োজনে একস্হান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হয় যাত্রীদের। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে মূল্যবান জিনিসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র স্কুটারে রেখেই চলে যান অনেকেই। এসব মূল্যবান জিনিসপত্র না পেয়ে দিকবিদিক ছুটাছুটি করতে হয় যাত্রীদের। যাত্রীদের এসকল সমস্যা থেকে মুক্তি দিতে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি সবসময়ই তৎপর থাকতে দেখা গেছে।

সমিতি কর্তৃক প্রত্যেক চালকদের এ বিষয়ে নির্দেশ দেয়া হয়। কোন যাত্রী ভুল বশত কোন ব্যাগ অথবা প্রয়োজনীয় জিনিসপত্র গাড়ীতে ফেলে চলে গেলে, সেই সকল জিনিস পত্র সমিতি কার্যালয়ে জমা দিতে হবে। এরপর সমিতির ফেসবুক পেইজের মাধ্যমে তা সকলের কাছে এ বার্তা পৌঁছে দেয়া হয়।

এমনকি যানজট নিরসনে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় সচেতনতা মূলক প্রচারণায় ব্যবহত মাইকের মাধ্যমে প্রচার করা হয়।

গত ২২ আগষ্ট বিকালে কচুয়া উপজেলার পিপলকরা গ্রামের কাজী মোস্তফা কামাল কচুয়া থেকে কালিয়াপাড়ায় আসার পথে তার মূল্যবান জিনিসপত্র সিএনজি স্কুটারে রেখেই চলে যান। স্কুটার চালক ব্যাগটি পেয়ে সমিতির কার্যালয়ে জমা দিলে সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয়। সংবাদ পেয়ে কাজী মোস্তফা কামাল সমিতির কার্যালয়ে উপস্থিত হলে সমিতির সভাপতি মোঃ আব্দুল হোসেন মজুমদার তার হাতে ব্যাগটি তুলে দেন। ব্যাগটি পেয়ে সমিতির সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এমনি করে বর্তমানে সমিতির কার্যালয়ে আরো প্রায় ২০ ব্যাগ জমা রয়েছে প্রায় এক বছর ধরে।

বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা করেও ব্যাগ গুলোর প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় ব্যাগ গুলো এতিম অসহায় গরীব জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে কেউ না আসলে ব্যাগ গুলো বিলিয়ে দেয়া হবে।

সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার পপুলার বিডিনিউজকে বলেন, আমার যাত্রীদের জিনিস পত্র তাদের হাতে তুলে দিয়ে তৃপ্তি পাই, এ পর্যন্ত বহুযাত্রী তাদের হারিয়ে যাওয়া জিনিস পত্র ফিরে পেয়েছেন। প্রায় এক বছর যাবৎ কিছু ব্যাগ আমাদের কাছে রয়ে গেছে। কেউ নিতে আসেনি। তাই এসকল ব্যাগ গরীব এতিম অসহায় জনগনের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, ব্যাগ গুলোর মধ্যে নতুন পুরাতন জামা কাপড় ও কিছু টাকা রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন