জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশে বন্যার বিপদ বাড়ছে। আগামী দিনে এই দেশগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসও বাড়বে। ঝুঁকিতে থাকা দেশগুলোর বেশির ভাগই দক্ষিণ ও পূর্ব এশিয়ার। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকায় দাবদাহ থেকে দাবানল এবং ইউরোপের দেশগুলোতে তুষার ঝড় বেড়েছে।
সোমবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে বিশ্বের জলবায়ু পরিবর্তনের বিপদ আগের যেকোনো সময়ের চেয়ে বিস্তৃত ও গভীর হচ্ছে। এর ফলে এমন সব বিপদ ও দুর্যোগ দেখা যাচ্ছে, যা গত দুই হাজার বছরেও বিশ্ববাসী দেখেনি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পবিপ্লবের পর বিশ্বের তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর ফলে ভারত মহাসাগর বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে বেশি বৃষ্টিপাত ঘটাচ্ছে। যে কারণে বিশ্বের প্রধান নদী অববাহিকাগুলো এবং এর তীরবর্তী দেশ ও শহরগুলোতে বাড়ছে বন্যা।
বিশ্বের ৬৬টি দেশের ১৩৪ জন বিজ্ঞানী ওই প্রতিবেদন তৈরিতে কাজ করেছেন। এর মধ্যে ১৬৭ জন ছিলেন প্রধান লেখক। বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক সাইফুল ইসলাম রয়েছেন। বিশ্বের মোট ১৪ হাজার গবেষণা প্রতিবেদন মূল্যায়ন করে তাঁরা যৌথভাবে ওই প্রতিবেদনটি তৈরি করেন।
সূত্র:প্রথম আলো
H/N