আমিনুল ইসলাম পেশায় দিনমজুর। গত ২৬ মার্চ বেলা তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলের শিশু মাতৃসদন ইনস্টিটিউট হাসপাতালের সামনের বিভাজকের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সেদিন তাঁর মৃত্যু হয়।
কেবল আমিনুল নন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন সড়কে গত আড়াই বছরে ১০৩ জন মানুষ দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি (৭৫ জন) মারা গেছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত অংশে। যাত্রাবাড়ী থানা-পুলিশ এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন খাতা থেকে এ তথ্য জানা গেছে।
সড়ক দুর্ঘটনায় করা মামলার কাগজপত্র এবং প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি হানিফ উড়ালসড়ক, সায়েদাবাদ জনপথ মোড়, ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রাবাড়ী থেকে কোনাপাড়া পর্যন্ত এবং ঢাকা-মাওয়া মহাসড়কের যাত্রাবাড়ী থেকে দোলাইরপাড় অংশে দুর্ঘটনা বেশি হচ্ছে। যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের বেশির ভাগই পথচারী।
মামলার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যাত্রাবাড়ী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২৮ জন। আর ২০২০ সালে মারা গেছেন ৪৯ জন। এর আগের বছর ২০১৯ সালে ২৬ জন।
সূত্র: প্রথম আলো
H/N