POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিধিনিষেধের শেষ দিনে মানুষের উপচে পড়া ভিড়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৪, ২০২১ | সময়: ২:৪৮ অপরাহ্ণ

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা ১৪ দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ। আজ সকাল থেকে হাজীগঞ্জ,আলীগঞ্জ, বলাখাল, বাকিলা,বেলচোঁ বাজার এলাকায় ঘুরে দেখা যায়, সড়কে রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের বেশ চাপ রয়েছে। যানবাহনের চাপে কোথাও কোথাও জট হয়ে গেছে। অলিগলিতে খুলেছে দোকানপাট। উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বাইরে বেরিয়ে পড়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। এ সময় মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। ঈদের পর ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ থাকবে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদের আগে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে বিধিনিষেধ শিথিল করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সিদ্ধান্ত অনুযায়ী, ইতিমধ্যে বাস, ট্রেন, নৌযানসহ গণপরিবহন চলার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী (যত আসন, তার অর্ধেক) নিয়ে চলবে এসব গণপরিবহন।

কিন্তু ১৪ দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ হাজীগঞ্জের সড়কে মানুষের বেশ ভিড় দেখা গেছে। রাস্তায় অন্যান্য দিনের তুলনায় আজ বেশিসংখ্যক যানবাহন নেমেছে। লোকজন নানা জরুরি প্রয়োজনের অজুহাত দেখিয়ে রাস্তায় বের হওয়ার কথা জানাচ্ছেন। তাঁদের কাছে যৌক্তিক কারণ জানতে চাওয়া হচ্ছে। এ ছাড়া মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। এর পাশাপাশি এবার স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করেছিল। কিন্তু তারপরও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১ জুলাই থেকে সারা দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আজ শেষ হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও ঈদ ঘিরে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন