POPULAR BD NEWS
Popular BD News Logo

বুয়েট টেস্টে সাগরচুরির তথ্য

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৩০, ২০২১ | সময়: ৪:৩১ অপরাহ্ণ

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউসকান্দি আঞ্চলিক সড়ক প্রকল্পের ব্রিজ নির্মাণে সাগরচুরির তথ্য পাওয়া গেছে। সওজের সংশ্লিষ্ট প্রকৌশলীদের সহায়তায় সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি লঙ্ঘন করে ভয়াবহ দুর্নীতিতে নেমেছে। পিসি গার্ডার (পিলার ছাড়া) ব্রিজের শক্তি থাকার কথা ৫ হাজার ৮০০ পিএসআই। অর্থাৎ, ৪০ এমপিএ।

কিন্তু তথ্যানুসন্ধানে পাওয়া গেছে মাত্র ২ হাজার ৯১০ পিএসআই বা ২০ দশমিক ১ এমপিএ। গার্ডার ব্রিজে বালি, পাথর ও সিমেন্টের সমন্বয়ে কংক্রিট তৈরির ঢালাইয়ের কাজে নিুমানের সামগ্রী ব্যবহার করায় শক্তির দিক থেকে মান অর্ধেকে নেমে এসেছে। চাঞ্চল্যকর এমন তথ্যের প্রমাণ মিলেছে বুয়েটের পরীক্ষায়। যৌথভাবে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান একই সময়ে সংশ্লিষ্ট প্রকল্পে ৭টি ব্রিজ নির্মাণ করছে। এর মধ্যে কুন্দানালায় ভেঙে পড়া সেই ব্রিজের গার্ডারের নমুনা (কংক্রিট) সংগ্রহ করে  পক্ষ থেকে পরীক্ষা করা হয়। ঘটনার পর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটিও করা হয়।

কিন্তু এই কমিটি কাজের মান পরীক্ষা তো দূরের কথা, ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে প্রতিবেদন দিয়েছে। এদিকে ভেঙে পড়া কুন্দানালা ব্রিজের কম্প্রেসিভ স্ট্রেংথ অব কংক্রিটের অংশ বুয়েটের টেস্ট রিপোর্ট নিয়ে কথা হয় দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর এলাকার সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে। এ বিষয়ে তিনি  বলেন, ‘আমি আশা করি, চুক্তি অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হবে। সরকারি প্রতিষ্ঠান সড়ক ও জনপথের প্রতি আস্থা রাখতে চাই। আশা করি, তারা এই বিষয়টি দেখবে।’

কুন্দানালা ব্রিজে নিুমানের কাজ করার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক বিচার এলে এভাবেই হয়।’

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন