POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিক রোজিনা ইসলাম কারামুক্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৩, ২০২১ | সময়: ৪:৩৪ অপরাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলাম কারামুক্ত হয়েছেন। এর আগে তার রিলিজ অর্ডার কেরানীগঞ্জ কারাগারে পৌঁছেছে। রোববার (২৩ মে) দুপুর সাড়ে ৩টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার মাহাবুবুল ইসলাম বলেন, “আমরা রিলিজ অর্ডার দুপুর সাড়ে ৩টার দিকে পেয়েছি। রিলিজ অর্ডার কাশিমপুর কারাগারে পাঠাচ্ছি। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।”

শর্তসাপেক্ষে জামিন পান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। পাঁচ হাজার টাকার মুচলেকায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালত তার জামিন মঞ্জুর করেন।

রোববার (২৩ মে) বেলা ১১টার দিকে আদালতের বিচারক বাকী বিল্লাহ মৌখিকভাবে এ আদেশ দেন।

জামিন আদেশের পর আদালত প্রাঙ্গণে রোজিনা ইসলামের আইনজীবী সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপক্ষের আইনজীবী আজকে শুনানিকালে বিজ্ঞ আদালতে বলেছেন, যদি রোজিনা ইসলাম আদালতে পাসপোর্ট জমা দেয়, তাহলে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নেই।”

জামিনের আদেশ হওয়ার পর থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির অপেক্ষায় স্থানীয় সাংবাদিকদের অপেক্ষা করতে দেখা যায়।

আদালতের আদেশের পর রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, “জামিন শুনানির আদেশ প্রদানের পূর্বে রাষ্ট্রপক্ষের আইনজীবী বেশকিছু নথি আদালতে দাখিল করেছেন। যে ডকুমেন্টের কন্টেন্ট সম্পর্কে আমরা জানি না। পাবলিক প্রসিকিউটার আজকে শুনানিকালে বিজ্ঞ আদালতে বলেছেন, যদি এই আসামি আদালতে পাসপোর্ট জমা দেয়, তাহলে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নেই।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন