হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি সালিশী বৈঠকে এক কৃষক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে মোহাম্মদপুর মজুমদার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, মোহাম্মদপুর মজুমদার বাড়ীর কৃষক গোলাম মোস্তফা বাবুল। তার স্ত্রী খোদেজা বেগম, মেয়ে মারজাহান মুক্তা, ছেলে মুরাদ ও কামরুল হাসান রাব্বি।
আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসারত অবস্থায় গোলাম মোস্তফা বাবুল জানান, রমজানে তাদের কৃষি মাঠের ইরি-বোরো ধানের দশ শতাংশ ফসলি জমির ধান কেটে নিয়ে যায় একই বাড়ীর কামাল হোসেন গংরা। সম্পত্তি বিরোধী ও ধান কেটে নেয়ার বিষয়টি নিয়ে নাঈমুল হক মজুমদারের নেতৃত্বে একটি সালিশী বৈঠকের প্রস্তুতি হয়। ওই বৈঠকে পূর্বপরিকল্পিতভাবে কামাল হোসেন গংরা তাদের পরিবারের উপর এই হামলা চালায়।
হামলাকারীরা হলো কামাল হোসেন,শাহীন, মাসুম ও মান্নান। তারা সবাই মজুমদার বাড়ির বাসিন্দা।
গোলাম মোস্তফার ছেলে মুরাদ হোসেন বলেন, তাদের সম্পত্তি জোরপূর্বক কামাল গংরা দখল করে নিতে চায়। সম্প্রতি তাদের ফসলের মাঠের ধান কেটে নিয়ে যায় কামাল গংরা। এ বিরোধ নিয়ে নাঈমুল হক মজুমদারের নেতৃত্বে একটি বৈঠকের তারা হাজির হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই কৃষক পরিবার।