POPULAR BD NEWS
Popular BD News Logo

টাকা ছাড়াই রোগীদের হাসপাতালে পৌঁছে দেন তাঁরা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ | সময়: ২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দিন চিকিৎসার পর বাড়ি ফিরে যাবেন দিনমজুর মো. বেলাল। তাঁর সঙ্গে আছেন স্ত্রী রোজি আক্তার। দুজনের হাতে আছে মাত্র ৫০ টাকা। অথচ অটোরিকশা তাঁদের বাসা বালুছড়া পর্যন্ত যেতে ভাড়া চাইছে ৩০০ টাকা, রিকশা চাইছে ২০০ টাকা। এ রকম একটা মুহূর্তে অসহায় বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না।

দুজনে বসেই ছিলেন। সিরাজুল ইসলাম নামের এক অটোরিকশাচালক তাঁদের ডেকে বললেন, চাইলে তাঁরা বিনা ভাড়ায় নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন। এটুকু বলে তিনি নুর ইসলাম নামের আরেক অটোরিকশাচালকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রথমে একটু ভয় হয়েছিল বেলাল ও তাঁর স্ত্রীর। কিন্তু নুর ইসলাম তাঁদের ঠিকই বিনা ভাড়ায় পৌঁছে দিয়েছেন।

শুধু দিনমজুর বেলালকে নয়, এ রকম প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগীকে বিনা ভাড়ায় হাসপাতাল কিংবা বাড়ি পৌঁছে দিচ্ছে তিনটি অটোরিকশা। ১৮ এপ্রিল থেকে এই সেবা চালু করেছে ইমাম মোটরস নামে নগরের হালিশহরের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতালের সামনে থাকে গাড়িগুলো।

হাসপাতাল থেকে বিনা ভাড়ায় স্বামীকে নিয়ে যেতে পেরে আনন্দে প্রায় কেঁদে ফেলেন রোজি। তিনি বললেন, ‘এ গাড়ি না পেলে বাড়ি যেতে পারতাম না লকডাউনে।’

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন