ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় তৃষা কর্মকার (২৫) নামে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের এক নারী কর্মচারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) চাঁদপুর-রায়পুর মহা সড়কের ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৃষা উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের বালিথুবা আঃ হামিদ উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক রবিশ্বর কর্মকারের মেয়ে।
জানা গেছে, তৃষা কর্মকার ঘটনার পূর্বে পল্লী বিদ্যুৎ অফিস থেকে বের হয়ে ফরিদগঞ্জ বাজারের একটি ব্যাংকে যাচ্ছিলেন। এবং পল্লী বিদ্যুৎ অফিসের পাশে ওনুআ চত্বরের সামনে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় অটোবাইকে ওঠার জন্য থামাতে নিদের্শনা দিলে রায়পুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবাহী পিকআপ অটোবাইকের পিছনের দিকে ধাক্কা দেয়। এতে অটোবাইকটি তৃষা কর্মকারকে নিয়ে রাস্তার পাশে পড়ে থাকা গাছের গুড়ির মধ্যে চাপা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তৃষাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পল্লী বিদ্যু সমিতি ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নুরুল হোসাইন জানান, নিহত তৃষা তার অফিসের বিলিং সহকারি হিসেবে কর্মরত ছিল। সে ওই সময়ে সোনালী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য অফিস থেকে বের হয়েছিল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক পিকআপকে আটক করার চেষ্টা চলছে।