POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘরে ঘরে যাচ্ছে ভ্রাম্যমাণ মাছের দোকান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ | সময়: ২:৫৮ অপরাহ্ণ

করোনায় বিপর্যস্ত সময়ে গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে যাচ্ছে মাছ বিক্রির ভ্রাম্যমাণ দোকান। ১০ দিন ধরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম চলছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, শহরাঞ্চল তথা জনবহুল আবাসিক এলাকায় বেশ কয়েকটি ভ্যানগাড়িতে মাছ বিক্রি করা হচ্ছে। এসব মাছ তুলনামূলক কম দামে পাচ্ছেন ভোক্তারা। এতে করোনা পরিস্থিতিতে মানুষকে বাজারে যেতে হচ্ছে না। তা ছাড়া শ্রীপুরে কাঁচাবাজারে ‘গ্রোথ সেন্টার’ স্থাপন করা হয়েছে। সেখানে ১২ জন মাছ বিক্রেতার নাম, মুঠোফোন নম্বরসহ ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। যে কেউ এসব নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে বাসায় বসে মাছ কিনতে পারছেন। এ ছাড়া মাছ পরিবহনের জন্য পুরো উপজেলায় সমিতিভিত্তিক ছয়টি পিকআপ ভ্যান দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের ‘জাতীয় কৃষিপ্রযুক্তি প্রকল্প-২’ প্রকল্পের অধীনে এসব পিকআপ ভ্যান দেওয়া হয়। মাছ পরিবহনের জন্য এগুলো ব্যবহার হচ্ছে। তা ছাড়া উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে ‘অনলাইন ফিস মার্কেট, শ্রীপুর, গাজীপুর’ নামের ফেসবুক পেইজে মাছ বিক্রি করছেন বিক্রেতারা। সেখানে যে কেউ যেকোনো পরিমাণ মাছ অর্ডার করতে পারছেন।

মাছ বিক্রেতা আবুল হাশেম বলেন, ‘ভ্রাম্যমাণ দোকানে ভালো সাড়া পাচ্ছি। অনেকেই ভ্যানগাড়ি থেকে মাছ কিনছেন। আমরা স্বাস্থ্যবিধি মেনে মাছ বিক্রি করছি।’ মো. আবুল কালাম নামের এক মাছ বিক্রেতা বলেন, গ্রোথ সেন্টারে ও ফেসবুক পেজে মুঠোফোন নম্বর দেখে ফোন দিয়ে মাছ কিনছেন অনেকেই। এ ক্ষেত্রে কম দামে মাছ পাচ্ছেন ক্রেতারা। করোনাকালে বাইরে যেতে হচ্ছে না কাউকে।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন