POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে একদিনে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ | সময়: ১২:৪৫ পূর্বাহ্ণ

চাঁদপুর সরকারি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং বাকি পাঁচজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চাঁদপুর সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাজীগঞ্জের বাকিলা এলাকার সিরাজুল ইসলাম (৭০) ১৬ এপ্রিল দুপুরে সদর হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। সোমবার বেলা ১টা ৫০ মিনিটে তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গণ্ডামারা হাইমচরের বাসিন্দা জাকির হোসেন সকাল সাড়ে ১০টার দিকে মারা যান। তিনি গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। পরে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

সুজাউদ্দৌলা আরও বলেন, পুরানবাজারের জাফরাবাদ এলাকার বাসিন্দা মিলন গাজী (৭০) আজ বেলা দুইটার দিকে মারা যান। তিনি গতকাল বেলা ১১টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা সৈয়দুন্নেছা (৭০) আজ বেলা পৌনে তিনটার দিকে মারা যান। তিনি আজই বেলা পৌনে দুইটার দিকে হাসপাতালে আসেন। এ ছাড়া বেলা সাড়ে তিনটার দিকে মারা যান চাঁদপুর সদর উপজেলার আশিকাটি এলাকার বাসিন্দা মাজেদা বেগম (৭০)। তিনি হাসপাতালে আসেন এর এক ঘণ্টা আগে। বেলা ৩টা ৫০ মিনিটে মারা যান শহরের গুয়াখোলা এলাকার সালামত মিজি (৬৮)। তিনি হাসপাতালে আসেন দুপুর ১২টা ৪০ মিনিটে। তাঁদের তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাতে রিপোর্ট জানা যাবে। সূত্র – প্রথম আলো

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন