কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বেরুবাড়ি সেতু থেকে নিজের চার বছরের শিশুসন্তানকে পানিতে ফেলে দিয়েছেন তার মা। এ সময় সেতুর পাশে জমিতে কাজ করতে থাকা এক কৃষক শিশুটিকে উদ্ধার করেন।
বরুবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া শিশু ও তার অভিযুক্ত মা ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বাসিন্দা। বুধবার দুপুরে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ওই নারী তার কোলে থাকা শিশুসন্তানকে ব্রিজ থেকে নিচে ফেলে দেন। সেতুর নিচে প্রায় এক হাঁটুপানিতে শিশুটি পড়ে গেলে পাশেই জমিতে কাজ করতে থাকা কৃষক আমিনুল দৌড়ে গিয়ে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে। পরে স্থানীয়রা ওই নারীকে আটক করে পুলিশে খবর দেয়।”
চেয়ারম্যান জানান, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার পর ওই নারী কোনো কথা বলছিলেন না। শিশুটি ওই নারীকে তার মা দাবি করলে তার কাছে থেকে বাবার নাম ও পরিচয় জেনে পরিবারের লোকদের খবর দেওয়া হয়।
ওই নারীর স্বামী ও শিশুটির বাবা জানান, সন্তানকে নিয়ে পাশের কাশেমবাজার গ্রামে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তার স্ত্রী। পরে জানতে পারেন তার স্ত্রী নাগেশ্বরীর বেরুবাড়িতে সন্তানকে সেতু থেকে ফেলে দিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে।
সূত্র:জাগরণ
H/N