POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘরের বাইরে কাউকে দেখতে চাই না :আইজিপি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১ | সময়: ৩:৫৩ অপরাহ্ণ

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে আপনাদের ঘরের বাইরে দেখতে চাই না।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে করোনা সংক্রমণ রোধকল্পে বিধি-নিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস অ্যাপের শুভ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

তিনি আরো বলেন, করোনার বিস্তার রোধে আগামীকাল থেকে ৭ দিনের বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এসময়ে অবশ্যই আমাদের অপ্রয়োজনীয় মুভমেন্ট পরিহার করতে হবে। অনিয়ন্ত্রিত যাতায়াত চলমান থাকলে আক্রান্ত ব্যক্তি পরিবার ও সমাজকে আক্রান্ত করবেন। যা অত্যন্ত অনৈতিক কাজ।  গ্রামবাসী ও এলাকাবাসীকে অনুরোধ করবো শহর থেকে গ্রামে যাওয়া ব্যক্তি যাতে ৭ দিন আইসোলেশনে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আগামী ৭ দিন নাগরিকরা ঘরে থাকবেন। অফিস-আদালত সব বন্ধ বিধায় ঘরে আপনাকে থাকতে হবে। যদি বিশেষ প্রয়োজনে বাহিরে যাওয়ার দরকার হয় তাহলে ওই অ্যাপ থেকে ‘পাস’ নিতে হবে।

পরিবার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে আইজিপি বলেন, করোনা এই মহামারিতে যাতে করে আপনার পরিবারের কেউ বাহিরে কোন রকম আড্ডা না দেয় সেদিকে বিশেষ দৃষ্টি দিবেন। এছাড়াও তরুণ-তরুণীদের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান অবস্থা উপলব্ধি করে ঘরে থাকো। আমরা বিনা প্রয়োজনে কাউকে রাস্তায় দেখতে চাই না।

এসময় একটি ডেমোনেস্ট্রেশনের মাধ্যমে MOVEMENT PASS অ্যাপটির কার্যক্রম উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

আবেদনের নিয়মাবলীঃ

১. আবেদনকারীকে www.movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘পাস’ এর জন্য আবেদন করতে হবে।

২. শুরুতে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে। আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে। বক্সে সেই তথ্য প্রদান করতে হবে। এরপর একটি নির্দিষ্ট ফর্মে আবেদনকারীর নিকট থেকে কিছু তথ্য চাওয়া হবে। সেইসব তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে। এরপর আবেদকারীর একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।

৩. জমা দেওয়া ফর্মে আবদেনকারীর প্রদত্ত তথ্যাবলীর ভিত্তিতে MOVEMENT PASS ইস্যু করা হবে। ওয়েব সাইট থেকেই ‘পাস’ টি ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন