POPULAR BD NEWS
Popular BD News Logo

নিজেকে জীবিত প্রমাণ করতে পারলেন না বৃদ্ধা!

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১ | সময়: ৬:০৭ অপরাহ্ণ

মুলাদী উপজেলা নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি দফতরে ঘুরে নিজেকে জীবিত প্রমাণ করতে না পারায় বয়স্ক ভাতা পাচ্ছেন না উপজেলার বাহাদুরপুর গ্রামের অশীতিপর হাচেন ভানু (৮৩)।

ভোটার তালিকায় মৃত থাকায় তিনি নাগরিকত্ব হারিয়ে বয়স্ক ভাতাসহ সব সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

হাচেন ভানু মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত জলকাদের ফকিরের স্ত্রী।

জীবনের শেষ সময় এসে সরকারি ভাতা বঞ্চিত হয়ে খুবই কষ্টে দিন অতিবাহিত করছেন তিনি।

হাচেন ভানু বলেন, প্রায় ৩০ বছর আগে পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে স্বামী মারা গেছেন। কৃষক ছেলে অভাব অনটনে থাকায় তেমন খোঁজ নিতে পারে না।

২০০৫ সালের ইউপি চেয়ারম্যান-মেম্বররা বয়স্ক ভাতার কার্ড করে দিলে ওই টাকা দিয়ে সংসার চলছিল তার। কয়েক মাস আগে উপজেলা সমাজসেবা অফিস তার কাছ থেকে ভাতা প্রদানের বই জমা নেয় এবং জানায় নির্বাচন ওয়েবসাইটে তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

তাই তার বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। সমাজসেবা অফিস তাকে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে দেখতে বলেন।

দুই মাস আগে তিনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় তাকে মৃত দেখানো হয়েছে। পরে তিনি ভাতাপ্রাপ্তির আশায় নিজেকে জীবিত প্রমাণ করতে ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নসহ মার্চ মাসের প্রথম দিকে  নির্বাচন অফিসে আবেদন করেন।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন