POPULAR BD NEWS
Popular BD News Logo

রামেক হাসপাতালে ল্যাব ২ মাস ধরে বন্ধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১ | সময়: ৬:৪৪ অপরাহ্ণ

দুই মাস ধরে বন্ধ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর ল্যাব। গত বছর করোনাকালে এ ল্যাবটিতে প্রতিদিন ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হতো। রাজশাহীতে করোনার প্রকোপ বেড়ে গেলে গত বছরের ১৯ মে ল্যাবটি চালু হয়।

জানা গেছে, সর্বশেষ ৮ ফেব্রুয়ারি এ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছিল। তারপর থেকে ল্যাবটি বন্ধ আছে। তবে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটিতে এখন চার শিফটে করোনা পরীক্ষা করা হচ্ছে। হাসপাতালের ল্যাবটি বন্ধ থাকায় কলেজ ল্যাবে নমুনা জট তৈরি হয়েছে বলে জানা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সারা দেশের মতো রাজশাহীতেও করোনার প্রকোপ কমে এলে গত ৯ ফেব্রুয়ারি থেকে ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ করা হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগের যেসব কর্মী এনে হাসপাতালের পিসিআর ল্যাবটি চালানো হচ্ছিল তাদের নিজ নিজ জায়গায় ফেরত পাঠানো হয়। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে রাজশাহীতে এখন আশঙ্কাজনকভাবে বেড়ে চললেও ল্যাবটি চালুর উদ্যোগ নেওয়া হয়নি।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে রাজশাহী ছাড়াও পার্শ্ববর্তী তিনটি জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে চার শিফটে। প্রতিদিনই এখানে নমুনার সংখ্যা বাড়ছে। ফলে দিনের পরীক্ষা দিনে করা যাচ্ছে না। নমুনা জট শুরু হয়েছে। বাড়ছে করোনা রোগীর সংখ্যাও। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। কলেজ ল্যাবের কর্মীরা বলছেন, তাদের ল্যাবে ভীষণ চাপ পড়ছে। হাসপাতালের ল্যাবটি চালু করা জরুরি হয়ে পড়েছে। এতে আরও নুমনা পরীক্ষা সম্ভব হবে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন