POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ থেকে খোলা দোকানপাট ও শপিংমল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১ | সময়: ৪:৩৪ অপরাহ্ণ

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় কঠোর নিষেধাজ্ঞার (লকডাউন) মধ্যে এবার শপিংমল ও দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাসাপেক্ষে আজ শুক্রবার থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে সীমিত আকারে গণপরিবহণ চালু করে সরকার।

স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বৃহস্পতিবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। এর পরিপ্রেক্ষিতে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ারও সিদ্ধান্ত নিল সরকার।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, ৯ থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না-করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কোভিড-১৯-এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জানানো হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বিদ্যমান ‘কঠোর নিষেধাজ্ঞা’ কতদিন থাকবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। করোনার বিস্তার রোধে শর্তসাপেক্ষে চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আগের নির্দেশনার আলোকে নতুন নতুন নির্দেশনা জারি করে।

দিনে ৮ ঘণ্টা ব্যবসা করার সুযোগ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, এমন সিদ্ধান্তে দোকান-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নির্দেশনা অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি মেনে তারা শুক্রবার থেকে ব্যবসা পরিচালনা করবেন।

চট্টগ্রামের বিশিষ্ট সংস্কৃতিকর্মী শাহ তামরাজ উল আলম বলেন, দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি মানা না-হলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে। তবে সাধারণ মানুষ সচেতন হলে শঙ্কার কিছু নেই।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন