POPULAR BD NEWS
Popular BD News Logo

৮ ভিক্ষুক পেলেন মাথা গোঁজার ঠাঁই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১ | সময়: ৪:৫৭ অপরাহ্ণ

খুলনায় আট ভিক্ষুকসহ মোট ৯ হতদরিদ্র ও অসহায়কে জমিসহ গৃহনির্মাণ করে দিচ্ছে পুলিশ। সর্বনিম্ন দেড় শতক থেকে এক কাঠা পর্যন্ত জমি অসহায় পরিবারের নামে রেজিস্ট্রি করা হয়েছে। এসব জমি দানসূত্রে এবং ক্রয় করে নেওয়া হয়েছে।

প্রত্যেক অসহায় পরিবারের জন্য জমির ওপর একটি করে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে ঘরের সরঞ্জাম তৈরির কাজ শুরু হয়েছে। শিগগিরই অসহায় পরিবারগুলোর মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হবে।

এদিকে ৩ মার্চ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডিআইজি পদমর্যাদার তিনজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুজনের একটি দল খুলনায় এসে জমি এবং গৃহনির্মাণের কার্যক্রম পরিদর্শন করে গেছেন। দলটি খুলনার ফুলতলা ও রূপসা উপজেলাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছে।

এ ছাড়া গৃহনির্মাণের সরঞ্জামের মানগুলো কেমন হচ্ছে তাও পরিদর্শন করেন।

খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সূত্র জানায়, খুলনার উপজেলা পর্যায়ের ৯ থানা যথাক্রমে— দীঘলিয়া, বটিয়াঘাটা, পাইকগাছা, ডুমুরিয়া, রূপসা, ফুলতলা, দাকোপ, তেরখাদা ও কয়রার ৯ জনকে জমি ও গৃহনির্মাণ করে দেওয়া হবে।

ইতোমধ্যে জমি অসহায়দের নামে রেজিস্ট্রিও করা হয়েছে। ৯ জনের মধ্যে আটজনই ভিক্ষুক এবং একজন অসহায় গৃহিণী। প্রত্যেক উপজেলা থেকে পাঁচটি করে মোট ৪৫ জন অসহায় মানুষের মধ্যে থেকে পুলিশ হেডকোয়ার্টার্সের দল ৯ জনকে জমি ও গৃহনির্মাণ করে দেওয়ার চূড়ান্ত তালিকা দিয়েছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন