POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে যানজট নিরসনে বিভিন্ন স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক আলোচনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৫, ২০২১ | সময়: ৫:৩০ অপরাহ্ণ

যানজট হাজীগঞ্জবাসীর কাছে নতুন কিছু নয়। এই শহরে কখনো কখনো যানজট ছাড়িয়ে যায় অসহনীয় মাত্রা। গত কয়েকদিনের এমন অসহনীয় যানজটে দুর্বিষহ হয়ে উঠছে হাজীগঞ্জবাসী। প্রতিনিয়ত সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থায়ী হচ্ছে এই যানজট নামের যন্ত্রণা।

দীর্ঘ এই যানজটে রাস্তার দুধারে (কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক) বাস, ট্রাক, সিএনজিচালিত স্কুটার, ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিক্সা) ও রিক্সা-ভ্যানের দীর্ঘ সারি পড়ে থাকতে দেখা যায়। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।

হাজীগঞ্জ বাজার জেলার মধ্যবর্তী হওয়ায় এবং ভৌগোলিক কারণে ও ব্যবসা বাণিজ্যে বাজারটি গুরুত্বপূর্ণ। কিন্তু বাজারে চলাচলের এক মাত্র সড়ক হচ্ছে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক। বাজারে ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল করায় যানজট এখানকার নিত্যসঙ্গী। নিয়মিত অসহনীয় যানজটের ফলে বাজারে আসা জনসাধারণকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়।

যানজট হাজীগঞ্জ বাজারকে যানজটমুক্ত রাখতে বুধবার (২৪ মার্চ) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার হল রুমে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে বিভিন্ন স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভায় পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।

ওইসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল।

ওইসময় উন্মুক্ত মতবিনিময়ে অংশ গ্রহণ করেন, কাউন্সিলরদের মধ্যে মোহাম্মদ জাহিদুল আজহার, আজাদ মজুদার, মো শাহ্ আলম, সুমন তপদার, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন, মো বিল্লাল হোসেন, আলাউদ্দিন মুন্সী, মো সাদেকুজ্জামান, মোহসীন ফারুক বাদল, সাবেক কাউন্সিলর মো এমরান হোসেন মুন্সী, সাবেক প্যানেল মেয়র ও বোগদাদ সার্ভিসের প্রতিনিধি রায়হানুর রহমান জনি, সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, রিলাক্স মালিক প্রতিনিধি আনোয়ার হোসেন বতু, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, হাজীগঞ্জ পৌর সভার লাইসেন্স পরিদর্শক মো আলমগীর, শ্রমিক নেতা মনির হোসেন মিঠু, আব্দুল কাদির পাটোয়ারী, তিশা পরিবহনের প্রতিনিধি মোহাম্মদ হোসেন, বোগদাদ সার্ভিসের মুকুল, জসিম উদ্দিন, রিলাক্স পরিবহনের প্রতিনিধি মাহবুবুর রহমান মিলন, আল আরাফাহ সার্ভিসের প্রতিনিধি ফারুক প্রমূখ। সভায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ অনুপস্থিত ছিলো।

মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন বলেন, জনস্বার্থে যে কোন কিছু করতে আমার দ্বিধা নেই। চ্যালেঞ্জ গ্রহণ করে উন্নয়ন করা আমার কাজের প্রথম প্রায়োরিটি। আবার সৎ সাহস থাকলে এবং মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করলে যে কোন অসম্ভব কাজকে সম্ভব করা যায়। বাজার যানজটমুক্ত রাখতে এবং বাজারের একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পৌরসভা কাজ করেছে।

মেয়র লিপন আরো বলেন, পৌরসভা যানজট নিরসনে অস্থায়ী স্ট্যান্ড করে দিয়েছে। এখন প্রশাসন ও ব্যবসায়ী সমিতির কাজ। এই ধারা অব্যাহত রাখতে তাদেরকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, সবার সম্মিলিত সহযোগীতার মাধ্যমে হাজীগঞ্জ বাজারকে যানজটমুক্ত করা সম্ভব হবে। এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

  1. মতবিনিময় সভায় আলোচকবৃন্দ হাজীগঞ্জ বাজারকে নিয়মিত যানজট মুক্ত রাখতে কয়েকটি প্রদক্ষেপ গ্রহণ করেন, হকার ও পরিবহন চালক, বিশেষ করে অবৈধ সিএনজিচালিত স্কুটার ও অটোরিক্সা বন্ধে ব্যবস্থা, হকার উচ্ছেদ, পৌর হকার্স মার্কেট ছাড়া বাজার প্রধান সড়কের দু’পাশে হকার বসতে না দেওয়া, মাইক্রো স্ট্যান্ড মুক্ত করা সহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও আলোচকরা জানান।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন