POPULAR BD NEWS
Popular BD News Logo

মওদুদের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৯, ২০২১ | সময়: ১১:৫২ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মরদেহ । শুক্রবার (১৯ মার্চ) সকাল সোয়া ৯টায় শহীদ মিনারে নেওয়া হলে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

সেখান থেকে সকাল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে, বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মওদুদ আহমদের জানাজা হবে। এররপর মরদেহ নেওয়া হবে মওদুদ আহমদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। বাদ জুমা কবিরহাট সরকারি কলেজ মাঠ ও বিকেল চারটায় কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে দুটি জানাজা হবে। কোম্পানীগঞ্জের মানিকপুরে শেষ জানাজার পর তাকে সেখানেই দাফন করা হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসার পর মরদেহ নেওয়া হয় তার গুলশানের বাড়িতে। বর্ষীয়ান নেতা মওদুদ আহমদের মৃত্যুতে গতকাল শোক কর্মসূচি পালন করেছে বিএনপি। প্রয়াত এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে তা গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। গত ১৬ মার্চ সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মওদুদ আহমদ মারা যান।

ব্যারিস্টার মওদুদ আহমদ ১৯৪০ সালের ২৪ মে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা মমতাজ উদ্দিন আহমদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন