মহামারী করোনাভাইরাসের কারণে গত বছর মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ বছরও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে ২০২২ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। এ বছর বিপিএল হচ্ছে না আন্তর্জাতিক সূচির কারণে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে না।
নভেম্বরে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ দল। অন্য দিকে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। জাতীয় দলের দু’টি সফরকে সামনে রেখেই মূলত এ বছরের সূচিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি রাখেনি বিপিএল গভর্নিং কাউন্সিল।
গতকাল ঘরোয়া ক্রিকেট সূচি তৈরি ও বাস্তবায়ন কমিটির প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি জানিয়েছেন
।
তিনি বলেছেন, বিপিএলের জন্য আমাদের দু’টি উইন্ডো খোলা আছে। একটি নভেম্বরে। কিন্তু সেই সময়ে জাতীয় দল যাবে পাকিস্তানে। ডিসেম্বরে নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। এ জন্য বিপিএল পিছিয়ে জানুয়ারিতে হতে পারে। এ বছর বিপিএল হচ্ছে না এটা নেতিবাচক শোনায়। বিপিএলের পরের মৌসুম জানুয়ারিতে হবে।
২০১৮ সালের পর এই টুর্নামেন্টটি আর মাঠে গড়ায়নি। ২০১৯ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বিশেষ বিপিএল চালু করে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে দলগুলোর স্পন্সর নিয়ে অনুষ্ঠিত হয় সেই টুর্নামেন্ট। নতুন ক্রিকেট ক্যালেন্ডারে ২০২২ ও ২০২৩ সালে বিপিএল রাখা হয়েছে। ২০২২ সালের ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। আর ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি হবে সীমিত আসরের প্রতিযোগিতাটির নবম আসর।
এদিকে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ৫০ ওভারের বদলে টি-২০ আকারে হবে। এমনটাই সিদ্ধান্ত সর্বশেষ সিসিডিএম’র সভায়। এই ফরমেটের পরিবর্তন করোনার কারণে ক্লাবগুলোকে আর্থিকভাবে রক্ষা করতেই। যাতে ক্লাবগুলোকে এবার বেশি অর্থ দিতে না হয় ক্রিকেটারদের।