POPULAR BD NEWS
Popular BD News Logo

রাস্তার ধারে বা গ্রামের আঁকা-বাঁকা পথে অযত্নে ফোটা ‘ভাঁট’ ফুল

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১২, ২০২১ | সময়: ৫:৫৩ অপরাহ্ণ

রাস্তার ধারে বা গ্রামের আঁকা-বাঁকা মেঠো পথে অযত্নে ও অবহেলায় ফোটা ফুলের নাম ভাঁট ফুল। তারপরেও শুভ্র-সাদা এ ফুলের দিকে তাকালে মন ভালো হয়ে যায়। পবিত্র একটা অনুভূতি হয়। গ্রামের লোকজন এ ফুলটি অনেক দেখেছেন। তবুও এ ফুলটিতে রয়েছে এক সম্মোহনী আকর্ষণ।

তবে যত দিন যাচ্ছে ততই বিলীন হয়ে যাচ্ছে এ প্রজাতির ফুল। এখন বেশ দুর্লভ, খুব একটা চোখে পড়ে না সচরাচর। তবে কোনো প্রকৃতিপ্রেমী এ ফুল খুঁজে নিরাশ হবেন না। এ ফাল্গুন-চৈত্রে চোখ খোলা রেখে মন থেকে খুঁজলেই সন্ধান মিলবে ভাঁট ফুলের। কয়েক দিন আগে মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর তীরে বাঁধের ওপর ফুলটির দেখা পাওয়া গেল। ওখানে শুভ্র-সাদা থোকা থোকা ফুল ফুটে আছে। ঘ্রাণটাও মিষ্টি। দেখতে খুব ভালো লাগে। উপজেলা শহরের আশপাশে এমনকি প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে এখনো আছে ‘ভাঁট ফুল’। এখন এ ফুলের মৌসুম। এ ফুলের সৌন্দর্য উপভোগ করার শ্রেষ্ঠ সময়।

ভাঁট ফুল ভাঁটি নামেও পরিচিত। নিজের বিভিন্ন লেখায় কবিগুরু ফুলটিকে ‘ভাঁটি’ নামে সম্বোধন করেছেন। কোনো এক প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে এক জায়গায় তিনি লিখেছেন, ‘আশপাশে ভাঁটিফুল ফুটিয়া/ রয়েছে দলে দলে…।’ ভাঁটফুলের আরেক নাম ঘণ্টাকর্ণ। রবীন্দ্রনাথের ‘সে’ গল্পটিতে পাওয়া যায় এ ঘণ্টাকর্ণকে। গল্পের একটি চরিত্র ঘণ্টাকর্ণ। এর দু’কানে দুই ঘণ্টা। লেজও দুটি। দুই লেজে দুই হাতুড়ি। ওগুলো দিয়ে নিজেই নিজের ঘণ্টা বাজিয়ে যায়।

আর রূপসী বাংলার কবি জীবনানন্দ লিখেছিলেন- ‘বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়…।’ হ্যাঁ, বেহুলার পায়ের ঘুঙুরকে তিনি ভাঁট ফুলের সাথে তুলনা করেছিলেন। প্রিয়তম পতি লক্ষ্মীন্দরকে সাপে কাটার পর সতী স্ত্রী বেহুলা তাকে বাঁচানোর সব চেষ্টা করেন। এ প্রচেষ্টার অংশ হিসেবে নেতাই ধোপানির সাথে যান স্বর্গলোকেও। ইন্দ্রকে সন্তুষ্ট করতে রাজসভায় নাচতে হয় তাকে। রূপসী বাংলার কবি সে নৃত্যরত বেহুলাকে কল্পনার চোখে দেখেছিলেন। পায়ে পরিয়ে দিয়েছিলেন ভাঁটফুলের ঘুঙুর। ফুলটি তাই বেহুলার পদচিহ্নও বটে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন