POPULAR BD NEWS
Popular BD News Logo

আমার খুব কষ্ট হচ্ছে, ‘আমাকে বাঁচান, নইলে বিষ এনে দিন’

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১১, ২০২১ | সময়: ২:২৯ অপরাহ্ণ

শারীরিক প্রতিবন্ধী মাকসুদা খাতুন (৪৮)। প্রায় ৩৪ বছর ধরে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামে একা নিঃসঙ্গ জীবনযাপন করছেন। মাকসুদা খাতুন স্তন ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নেই চিকিৎসার খরচ।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে তার খবর নিতে গেলে দুই হাত তুলে কাঁদতে কাঁদতে মাকসুদা খাতুন বলেন, ‘আমাকে বাঁচান। আমার খুব কষ্ট হচ্ছে। নইলে বিষ এনে দেন। খেয়ে মরে যাই। আমি আর যন্ত্রণা সইতে পারছি না।’

কথা বলে জানা গেছে, কিশোরী বয়সে বিয়ে হয় মাকসুদা খাতুনের। শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন স্বামী তারা মিয়া আগে একটি বিয়ে করেছেন। কয়েকমাস মুখ বুজে সতীনের সংসার করলেও সাংসারিক নানা জটিলতার কারণে ফিরে আসেন বাবার বাড়িতে। মা-বাবা মারা গেছেন অনেক আগেই। ভাইদের পরিবারও দরিদ্রতার কষাঘাতে জর্জরিত।

সরেজমিন দেখা যায়, ভাইদের জায়গায় তোলা ছোট্ট ভাঙাচোরা টিনের দোচালা ঘরে অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন মাকসুদা খাতুন। শুয়ে থেকে চিৎকার-চেঁচামেচি করছেন তিনি।

কেউ তার কাছে যাচ্ছেন না। তবে সাংবাদিক যাওয়ার কথা শুনে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। বুক বেয়ে অঝোরে গড়িয়ে পড়ছে রক্তপুঁজ। ঘরে উৎকট গন্ধ। রক্তপুঁজের গন্ধে কেউ তার পাশে যান না।

জানা গেছে, বছর খানেক আগে মাকসুদা খাতুনের ডান স্তনে টিউমার হয়। কিন্তু চিকিৎসা করানোর খরচ নেই বলে বিষয়টি চেপে যান তিনি।

পরে টিউমার ফেটে রক্তপুঁজ ঝরা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানী চিকিৎসক মিজানুর রহমানের কাছে নিয়ে যান স্থানীয় স্কুলের এক প্রধান শিক্ষক ও তার স্বজনরা। তিনি (চিকিৎসক) কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ব্যবস্থাপত্রে বিভিন্ন ইউনানী ওষুধ লিখে দেন এবং নির্দিষ্ট একটি দোকান থেকে কিনতে বলেন।

প্রায় তিন মাস চলে চিকিৎসা। কিন্তু রোগ না সারায় ওই চিকিৎসক মাকসুদা খাতুনকে রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে বলেন। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসার জন্য কোথাও নিয়ে যেতে পারেননি তার স্বজনরা। শক্ত কাঠের চৌকিতে শুয়ে এখন মৃত্যুর প্রহর গুণছেন অসহায় এই নারী।

প্রতিবন্ধী ভাতার টাকা এবং মোজাম্মেল হক নামে স্থানীয় এক প্রধান শিক্ষকের সহযোগিতায় মাকসুদা খাতুন কোনোমতে জীবিকা নির্বাহ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন