POPULAR BD NEWS
Popular BD News Logo

খিজির হায়াতের ওপর হামলার প্রতিবাদে রণক্ষেত্র নিহত ১ আহত ৫০

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১০, ২০২১ | সময়: ৩:০৭ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আলা উদ্দিন (৩২)। মঙ্গলবার সন্ধ্যা থেকে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় ওসিসহ ৬ পুলিশ সদস্যও আহত হন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াতের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রতিপক্ষ গ্রুপের মুহুর্মুহু ককটেল হামলার পর সংঘর্ষ বাধে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাদের মির্জার লোকজন বসুরহাট পৌরসভা এলাকায় ও বাদলের লোকজন হাসপাতাল এলাকায় অবস্থান করছিল। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর পৌর এলাকায় আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। রাতে কোম্পানীগঞ্জ থেকে পুলিশ ২৯ জনকে আটক করেছে।

জানা যায়, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ আলা উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলা উদ্দিনকে নিজের কর্মী দাবি করেছেন মিজানুর রহমান বাদল। তিনি (আলা উদ্দিন) উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মমিনুল হকের ছেলে বলে জানা গেছে। গুলিবিদ্ধ অন্যরা হলেন- মো. রাজিব, মাঈন উদ্দিন, শাহ আলম, জাকির হোসেন হৃদয়, দেলোয়ার হোসেন, সোহেল, শাহাদাত হোসেন, আরাফাত হোসেন, বেলাল হোসেন সেলিম। আহতরা হলেন- সাহাব উদ্দিন, জনি, সেলিম, ওয়াহিদ কামাল, রিপন, রফিক চৌধুরী, পিনন চৌধুরী, দিপু, সুমন, আরিয়ান শিপন, শরীফ উল্যাহ টিপু, মানিক, শরীফ, আল মাহাদি, রাজিব হোসেন রাজু, নবায়ন হোসেন, আদনান শাহ, সালা উদ্দিন। আহত পুলিশ সদস্যরা হলেন- ওসি মীর জাহিদুল হক রনি, এসআই জাকির হোসেন, নিজাম উদ্দিন, কনেস্টবল খোরশেদ আলম, আলা উদ্দিন ও আবুল কালাম।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর মেয়র আবদুল কাদের মির্জার লোকজনের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের একাংশ (মিজানুর রহমান বাদল গ্রুপ)। সন্ধ্যা ৬টার দিকে থানার পশ্চিম পাশের সড়ক (মাকসুদা বালিকা উচ্চ বিদ্যালয়) দিয়ে সমাবেশে হামলার চেষ্টা চালায় কাদের মির্জার সমর্থকরা। এরপরই উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষ পৌর এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে মেয়র মির্জার সমর্থকরা বসুরহাট বাজারে একটি মিছিল বের করলে বাদলের সমর্থকদের সঙ্গে আবার সংঘর্ষ হয়। একপর্যায়ে শুরু হয় গোলাগুলি। এতে অনেকে গুলিবিদ্ধ হন। সংঘর্ষের সময় দোকানপাট ও অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জের লোহারপুল এলাকায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন কাদের মির্জার সমর্থকরা।

ওসি মীর জাহেদুল হক রনি জানান, প্রথমবার হামলার পর পুলিশ ধাওয়া দিলে হামলাকারীরা ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২-১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে এখন র‌্যাব ও পুলিশ অবস্থান করছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন