POPULAR BD NEWS
Popular BD News Logo

১৮ তলা ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিচ্ছে সিডিএ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১০, ২০২১ | সময়: ১:৫৪ অপরাহ্ণ
 বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) একটি বহুতল ভবনের অবৈধ অংশ ভাঙার অভিযান শুরু হয়েছে। ভবনটির একটি অংশ খালের জায়গা দখল করে করা। এ ছাড়া দুটি তলার অনুমোদন নেই।

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ১৮ তলা ভবনটির অবৈধ অংশ ভাঙতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী। সিডিএর এই অভিযানে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অভিযানস্থলে রয়েছেন।

ইউএসটিসি ১৬ তলা ভবনের অনুমোদন নেয়। কিন্তু তারা ১৬ তলার বদলে ১৮ তলা ভবন করে। এ ছাড়া তারা নগরের গয়নাছড়া খালের জায়গা দখল করে নকশাবহির্ভূতভাবে ভবনটির একটি অংশ নির্মাণ করে, যা অবৈধ।

১৮ তলা ভবনটি বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ২০১৮ সাল থেকে একটি প্রকল্প শুরু করে সিডিএ। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ নামের এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে নগরের ৩৬টি খাল থেকে ৩ হাজার ১৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন