ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দিঘির পাশ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিশাজালালপুর গ্রামের একটি দিঘির পাশ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রহিমা বেগম (৪০) একই এলাকার সাহেদ মিয়ার স্ত্রী।
বিজয়নগর থানা পুলিশের ওসি আতিকুর রহমান বলেন, সকাল ৯টার দিকে শিশাজালালপুর গ্রামের একটি দিঘির পাশে ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার গলায় বেল্ট লাগানো ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।