POPULAR BD NEWS
Popular BD News Logo

মোদি বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ঝড় তুলতে কলকাতা সফর করবেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৫, ২০২১ | সময়: ৪:২৩ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ঝড় তোলার লক্ষ্য নিয়ে আগামী রোববার কলকাতা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির সমাবেশে অংশ নেবেন মোদি। সমাবেশে তিনি নিজ দল বিজেপির পক্ষে নির্বাচনী প্রচার চালাবেন।

বিধানসভা নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী মোদির কলকাতা সফর বিজেপির প্রচারকে আরও বেগবান করবে বলে মনে করা হচ্ছে।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদির সমাবেশে বিপুল জনতার সমাগম ঘটাতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন রাজ্য বিজেপির নেতারা। তাঁদের লক্ষ্য, গত ২৮ ফেব্রুয়ারি বাম-কংগ্রেস-আইএসএফ জোট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সমাবেশ করেছে, তাকে টপকে যাওয়া।

সাম্প্রতিক অতীতের রেকর্ড ভেঙে গত ২৮ ফেব্রুয়ারি বাম-কংগ্রেস-আইএসএফ জোট ওই সমাবেশটি করে। কেন্দ্র থেকে বিজেপি ও রাজ্য থেকে তৃণমূল হটানোর ঘোষণা দেন জোটের নেতারা। এখন সেই সমাবেশকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে বিজেপি। রোববারের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী মোদি রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনতে বক্তব্য দেবেন।

এদিকে মোদিকে ঠেকাতে প্রস্তুতি নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি ইতিমধ্যে প্রস্তুতিমূলক বৈঠক সেরেছেন।
মোদিকে ঠেকাতে গতকাল বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক প্রস্তুতিমূলক বৈঠক করেন রাজ্যের ক্ষমতাসীন দলের নেতারা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রোববার কলকাতাকে এমনভাবে পোস্টার-ব্যানার দিয়ে সাজিয়ে তুলতে হবে, যাতে মোদি বুঝতে পারেন, এই রাজ্যে মমতাকেই চায় মানুষ।

গতকাল কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র, বর্তমান প্রশাসক ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম এক বৈঠক করেন। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন, গত লোকসভা নির্বাচনে করপোরেশনের যেসব ওয়ার্ডে তৃণমূল পরাজিত হয়েছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে সেসব ওয়ার্ড ফিরিয়ে আনতে পারলে এক কোটি রুপি পুরস্কার দেওয়া হবে।
কলকাতা পৌর করপোরেশনে ১৪৪টি ওয়ার্ড রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ৫২ টিতে জয়ী হয় বিজেপি।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হবে ২৭ মার্চ। ৮ দফার এই নির্বাচন শেষ হবে ২৯ এপ্রিল। ফলাফল ঘোষিত হবে ২ মে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন