POPULAR BD NEWS
Popular BD News Logo

ডিজিটাল আইন বাতিলের দাবি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩, ২০২১ | সময়: ৩:৩৫ অপরাহ্ণ

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুসহ সব হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তবে পদযাত্রাটি শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তখন সমাবেশ করে আগামী ২৬ মার্চের মধ্যে সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আল্টিমেটাম দেন তারা। এসময় ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি) মামলায় কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরকে ছয়মাসের জামিন দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয় নাগরিক সমাবেশটি। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় আরও ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, ডাকুসর সাবেক ভিডি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ড মহাসচিব কাউন্সিলের নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা চৌধুরী।

এছাড়া কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাংস্কৃতিক সংগঠন সমগীতের সংগঠক বিথী ঘোষ, লেখক ও প্রাবন্ধিক অরুপ রায়, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল আলম ভূঁইয়া, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।

সূত্র:ভোরের কাগজ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন