POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি ও মতলব পৌরসভায় ভোট গ্রহণ চলছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১ | সময়: ৯:৫০ পূর্বাহ্ণ

আজ ২৮ ফেব্রুয়ারি রোববার সারাদেশে পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে অনুষ্ঠিত হচ্ছে শাহরাস্তি ও মতলবসহ ৩১টি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ চলছে ।

এই প্রথমবারের মতো শাহরাস্তি ও মতলব পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ ইভিএম পদ্ধতিতে হবে। তাই এ ভোট নিয়ে মানুষের মাঝে নানা কৌতূহল ও জল্পনা-কল্পনা চলছে।

শাহরাস্তি পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তাই ভোটের হিসেব- নিকেশও ভিন্ন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন বর্তমান মেয়র হাজী আব্দুল লতিফ, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল।

এ পৌরসভায় সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৫১ জন প্রার্থী। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৮ শ’ ৬৪ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ২শ’ ৩০জন ও মহিলা ১৫ হাজার ৬শ’ ৩৪ জন।

১৩টি কেন্দ্রে ১২জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র‌্যাব, পর্যাপ্ত পুলিশ, স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্যদের নিয়োজিত করা হয়েছে।

মতলব পৌরসভায়ও এই প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মতলব পৌর এলাকার ২২ কেন্দ্রের ১শ’ ৩২টি বুথে ভোটগ্রহণ হবে। এ পৌরসভার ২২টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ২২টি কেন্দ্রের মধ্যে ১৬টি মোবাইল টিম রাখা হয়েছে। মতলব পৌরসভায় মেয়র পদে ৪ জন আর কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখনে নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪জন প্রার্থী। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মতলব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ৩শ’ ৩৯জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ১শ’ ২ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২শ’ ৩৭ জন, কেন্দ্র সংখ্যা ২২।

নির্বাচনে ওয়ার্ড অনুযায়ী ৯টি স্ট্রাইকিং ফোর্সের সাথে কেন্দ্রে নিয়োজিত ৭ জন ম্যাজিস্ট্রেট ও সমগ্র পৌরসভায় ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন (নৌকা) এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল (ধানের শীষ)। তিনি নির্বাচনের ৬দিন পূর্বে গত ২২ ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেছেন। এছাড়া জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন কবির (লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী মোঃ সফিকুল ইসলাম (হাতপাখা)।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন