প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার হাতছানিতে জ্বলে উঠল ম্যানচেস্টার সিটি।
একই সময়ে হওয়া ম্যাচে সাউথ্যাম্পটনের মাঠে শুরুতেই পিছিয়ে পড়া আর্সেনাল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে।
ওয়েস্ট ব্রমউইচের মাঠে ইলকাই গিনদোয়ানের জোড়া গোলে ৫-০ ব্যবধানে জিতেছে সিটি। আর্সেনাল তাদের ম্যাচটি জিতেছে ৩-১ গোলে।
আগের ছয় রাউন্ডে জয়ী সিটি ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো। তবে ফিল ফোডেনের শট পোস্টে বাধা পায়। খানিক পরেই অবশ্য গোল পেয়ে যায় তারা। প্রথম ৩০ মিনিটে তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি।
১৯ ম্যাচে ১২ জয় ও পাঁচ ড্রয়ে সিটির পয়েন্ট ৪১। দুইয়ে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪০। তিন নম্বরে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৮।
এক ম্যাচ বেশি খেলা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৩৫ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল।।