POPULAR BD NEWS
Popular BD News Logo

ইথিওপিয়ায় সাংবাদিক বিনাবিচারে নির্জন কারাবাসে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১ | সময়: ৪:৩৫ অপরাহ্ণ

ইথিওপিয়ায় নির্জন কারাবাসে আটক রয়টার্সের ফটো সাংবাদিকের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ হাজির করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

কুমেরা গেমেচু নামে ওই সাংবাদিককে আটক করার পর ইতিমধ্যে এক সপ্তাহ পার হয়ে গেছে। তার আইনজীবীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

বুধবার তার আইনজীবী ম্যালকামু ওগো বলেন, পুলিশ তাকে এসব তথ্য জানিয়েছে। ভুয়া তথ্যপ্রচার, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা, জনশান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। কিন্তু এসবের কোনো প্রমাণ মেলেনি।

বৃহস্পতিবার পরিবারের সামনেই তাকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশি তদন্তের খাতিরে ৮ জানুয়ারি পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

গত এক দশক ধরে রয়টার্সের একজন ফ্রিল্যান্স ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিলেন ৩৮ বছর বয়সী কুমেরা। এক বিবৃবিতে এ ঘটনার জোরালো নিন্দা জানিয়েছে রয়টার্স।

এর আগে গত ১৬ ডিসেম্বর রয়টার্সের ফটোগ্রাফার তিকসা নেগেরিকে মারধর করেছিলেন ইথিওপিয়ার দুই ফেডারেল পুলিশ কর্মকর্তা।

রয়টার্সের এডিটর ইন চিফ স্টিফেন জে অ্যাডলার বলেছেন, ইথিওপিয়া থেকে সুষ্ঠু, স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করা রয়টার্স টিমের একজন সদস্য কুমেরা। তার কাজের মাধ্যমে তিনি পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। তাকে কীসের ভিত্তিতে আটক করা হলো তা আমাদের জানা নেই।

তিনি বলেন, সাংবাদিকরা যেখানেই থাকুন না কেন, তাদের অবশ্যই কোনো ধরনের হয়রানি বা ক্ষতির আশঙ্কা ছাড়াই জনস্বার্থে সংবাদ প্রকাশ করতে দিতে হবে। কুমেরাকে মুক্ত না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন