যুক্তরাজ্যে আগামী ৪ জানুয়ারি থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনাভাইরাসের টিকা বিতরণ শুরু হবে।
আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টেলিগ্রাফ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের ২০ লাখ মানুষের কাছে অক্সফোর্ড অথবা ফাইজারের টিকার প্রথম ডোজ পৌঁছে যাবে।
ফাইজার ও বায়ো-এনটেকের করোনা টিকা ইতিমধ্যেই যুক্তরাজ্যে অনুমোদন পেয়েছে।
অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকাও কয়েক দিনের মধ্যেই মেডিকেল নিয়ন্ত্রকদের দ্বারা অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। ইতমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার কয়েক মিলিয়ন ডোজ তৈরি করা হয়েছে এবং বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।
যুক্তরাজ্য সরকার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে ১০ কোটি টিকার চাহিদা জানিয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে যত বেশি মানুষের কাছে সম্ভব এই টিকা পৌঁছে দিতে চায় যুক্তরাজ্য সরকার।