POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬ | সময়: ৫:০৩ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টির প্রভাবে চাঁদপুরের খুচরা বাজারে শীতকালীন ও নিয়মিত সবজির দাম এক লাফেই বেড়েছে। তবে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে শীতকালীন সবজির বাজারজাতকরণ পুরোদমে শুরু হলে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

​চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারসহ স্থানীয় কয়েকটি প্রধান কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে স্থানীয় চাষীদের উৎপাদিত সবজির পাশাপাশি ঢাকার কারওয়ান বাজার ও কুমিল্লার নিমসার বাজার থেকে প্রতিদিন সবজির সরবরাহ আসছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় মূল প্রভাব পড়েছে খুচরা বাজারে।
​
বাজারে শীতকালীন ও নিত্যপ্রয়োজনীয় সবজিগুলোর দামে তীব্র ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। পটল আগে ৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। ফুলকপি কেজিপ্রতি ৬০ টাকার জায়গায় বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সিম আগের ৭০–৮০ টাকা দরে বিক্রি হওয়া সিম এখন ১০০ টাকা কেজি। টমেটো আগের ৬০ টাকা দরে বিক্রি হওয়া টমেটো একলাফে বেড়ে ১২০ থেকে ১৪০ টাকায় ঠেকেছে। এছাড়া লাউয়ের দাম পিসপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে এবং বেগুন ও মুলার দরও বাড়ছে।
সবজির বাজারে আগুন থাকলেও মুরগি ও অন্যান্য মাংসের বাজারে দামে তেমন বড় পরিবর্তন আসেনি। ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২৭০ টাকা কেজিতে। পাশাপাশি গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা দরে স্থিতিশীল রয়েছে।

​মাছের বাজারে চাষের মাছের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে রয়েছে। তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা, রুই ৩০০ থেকে ৪০০ টাকা এবং কাতল মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে দেশি নদীর মাছ ও গুঁড়া মাছের সরবরাহ বেশ কম।

পদ্মা-মেঘনা নদীতে ইলিশের তীব্র সংকট থাকায় চাঁদপুরের বাজারে ইলিশের দর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ খুবই অপ্রতুল। ফলে ভালো ও বড় আকারের ইলিশ বর্তমানে কেজিপ্রতি ২,৭০০ থেকে ৩,০০০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে, যা ইলিশের চড়া দাম হিসেবে চিহ্নিত করছেন সাধারণ ক্রেতারা।

​ব্যবসায়ীদের মতে, আবহাওয়া অনুকূলে এলে এবং আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে শীতকালীন সবজি পর্যাপ্ত পরিমাণে বাজারে ঢুকতে শুরু করলে কাঁচাবাজারের এই বাড়তি চাপ অনেকটাই কমে আসবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন