POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬ | সময়: ৮:১১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জের এক ক্ষুদ্র বই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে রাতভর আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ সময় জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলার আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেদওয়ানুল ইসলাম তানজিব (২৯) বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে রেদওয়ানুল ইসলাম তানজিব ঢাকার বাংলাবাজার থেকে বই সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন লাইব্রেরিতে পাইকারি দরে বিক্রি করেন। পাশাপাশি তিনি বাকিলা বাজারের ‘ইনসাফ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমিতির ব্যাংক হিসাব রূপালী ব্যাংক লিমিটেডের হাজীগঞ্জ শাখায় পরিচালিত হয়।

এজাহারে বাদী অভিযোগ করেন, তার ব্যবসায়িক ও আর্থিক উন্নতি দেখে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

গত ১১ সেপ্টেম্বর হাজীগঞ্জ অলিপুর আব্দুর রশিদ মুন্সীর বাড়ির সামনে রেদাওয়ানুল ইসলামকে আসামীরা অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রাখা, ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং জোরপূর্বক ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন