POPULAR BD NEWS
Popular BD News Logo

পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬ | সময়: ১২:০২ অপরাহ্ণ

পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পুষ্টিগত দিক থেকে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি বিকশিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ সময় দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন