POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ৭:০৬ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজির গাছখোলা গ্রামে সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। এ ঘটনায় জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভায় জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদারের বিরুদ্ধে মানববন্ধনে দেওয়া অভিযোগ ও মানহানিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমাপ্রার্থনা করেছেন প্রবাসী মামুন মোল্লা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিরোধপূর্ণ জায়গার সামনে সংবাদ সম্মেলন করে তিনি আগের বক্তব্য প্রত্যাহার করেন। এ সময় দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগের কথাও জানানো হয়।

সংবাদ সম্মেলনে মামুন মোল্লা বলেন, তাদের মধ্যে জায়গাজমি নিয়ে যে বিরোধ ছিল, তা আজ সমাধান হয়েছে। ৩০ শতাংশ জমির পরিবর্তে ৬০ শতাংশ জমি দিয়ে এওয়াজ বদলের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এলাকাবাসীও তাদের সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, পূর্বের মানববন্ধনে আবদুল হাই শিকদারের বিরুদ্ধে দেওয়া বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর ছিল। এ জন্য তিনি বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করছেন।

অন্যদিকে, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আবদুল হাই শিকদার বলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় বিষয়। তাদের প্রতি আমাদের কোনো মান-অভিমান নেই। সামনের দিনগুলোতে সবাই মিলেমিশে বসবাস করব।

উল্লেখ্য, এর আগে বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগে আবদুল হাই শিকদারের বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন মামুন মোল্লার পরিবারের সদস্য ও এলাকাবাসী। ওই সময় পরিবারের সদস্যদের চলাচলে ভোগান্তি এবং স্কুলপড়ুয়া সন্তানের যাতায়াতে সমস্যার অভিযোগ তোলা হয়েছিল। আবদুল হাই শিকদার তখন দাবি করেছিলেন, জমিতে থাকা কবরস্থানের নিরাপত্তার জন্য তিনি বেড়া দিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন