এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে চাঁদপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ২০৫ জন। অকৃতকার্য হয়েছে ২৪৭ জন। সেই হিসাবে মোট পরীক্ষার্থীর ৫৪ দশমিক ৬৫ শতাংশই ফেল করেছে। এর মধ্যে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।
এমন ফল বিপর্যয়ের পরও প্রতিষ্ঠানটিতে আইসিটি বিষয়ে ক্লাস নিচ্ছেন ইতিহাস বিভাগের একজন শিক্ষক। অভিযোগ উঠেছে, ইতিহাস বিভাগের নিয়োগপ্রাপ্ত প্রভাষক মো. রাসেল মিয়া অনেকটা জোরপূর্বক শিক্ষার্থীদের আইসিটি পড়াচ্ছেন। শুধু তাই নয়, নিজের নির্ধারিত ইতিহাসের ক্লাসেও তিনি আইসিটির পাঠদান করেন। অথচ তাঁর কাছেই আইসিটি পড়ে এ বছর পরীক্ষায় শিক্ষার্থীদের ফল বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ক্ষোভ বাড়ছে আইসিটি বিষয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যেও।
খোঁজ নিয়ে জানা যায়, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে আইসিটি বিষয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছেন দুজন। তাঁদের একজন ফরিদা আক্তার, যিনি এমপিওভুক্ত শিক্ষক। অন্যজন মেহেদী হাসান, যিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। সংশ্লিষ্টদের দাবি, দুজনই আইসিটি বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত। অথচ তাঁদের পাশ কাটিয়ে গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের নিয়মিত আইসিটি পড়াচ্ছেন ইতিহাস বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রভাষক রাসেল মিয়া। তিনি নিজে শিক্ষাজীবনে মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আরও বিস্ময়কর বিষয় হলো, প্রতিষ্ঠানটির একাদ্বশ শ্রেনির সাপ্তাহিক ৫ দিনের ক্লাস রুটিনে ৫ দিন ইতিহাস এবং দুই দিন আইসিটি বিষয়ের ক্লাস রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, ইতিহাস বিভাগের শিক্ষক রাসেল মিয়া তাঁর নির্ধারিত ৫ দিনের ইতিহাস ক্লাসেও আইসিটি পড়ান। প্রতিষ্ঠান কর্তৃক কম্পিউটার টাইপ করা ক্লাস রুটিনে আইসিটির শিক্ষক ফরিদা আক্তার ও মেহেদী হাসানের নাম কেটে দিয়ে সেখানে রাসেল মিয়ার নাম হাতে লেখা হয়েছে। এরফলে ইতিহাসের পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি আইসিটি বিষয়েও যথাযথ পাঠদান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এ বছর আইসিটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পরও বিষয়টির ক্লাসের সংখ্যা বাড়ানো হয়নি। বরং কমিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, রাসেল মিয়া ক্লাসে আইসিটি পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের তাঁর কাছে কোচিং করতে একরকম বাধ্য করেন। যদিও এ অভিযোগের বিষয়ে শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। (ইতিহাসের ক্লাসে গিয়ে আইসিটি পড়ানোর প্রমাণ প্রতিবেদকের কাছে রয়েছে)
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে আইসিটি বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া জরুরি। যে শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করেননি কিংবা ওই বিষয়ে নিয়োগপ্রাপ্ত নন, তাঁকে দিয়ে পাঠদান করালে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার মানও ব্যাহত হতে পারে। তাই ফল বিপর্যয় রোধে আইসিটি বিষয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দিয়েই এ বিভাগের পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
অনুসন্ধানে জানা যায়, গত বছরও বাবুরহাট কলেজে ইতিহাস বিভাগের প্রভাষককে দিয়ে আইসিটি বিষয়ে ক্লাস নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ওই সময় প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা ফেসবুকে অভিযোগ করেন, ইতিহাস বিভাগের প্রভাষককে দিয়ে আইসিটি বিষয়ে পাঠদান করানোর কারণে এইচএসসি পরীক্ষায় এ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়।
সে সময় আইসিটি শিক্ষক ছুটিতে থাকার কারণ দেখিয়ে কলেজের অধ্যক্ষ বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে সংবাদ প্রকাশের পর পরিস্থিতি সামাল দিতে আইসিটি বিভাগে আরও একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিন্তু এরপরও ইতিহাস বিভাগের প্রভাষককে দিয়ে আইসিটি বিষয়ে ক্লাস নেওয়ার অভিযোগ ওঠায় পুরোনো বিতর্কটি আবারও সামনে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসাইন বলেন, ‘ইতিহাসের ক্লাসে আইসিটি পড়ানোর বিষয়ে আমার জানা নেই। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাছাড়া আইসিটি বিভাগের জন্য আমরা একজন অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়েছি। বর্তমানে এ বিষয়ে দুজন শিক্ষক রয়েছেন।’