হাজীগঞ্জ কংগাইস পৌর ৯নং ওর্য়াড যুবসমাজের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে টাইব্রেকারে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টাইটান এফসি। খেলায় তাদের প্রতিদ্বন্দ্বী দল মাদ্রাসা একাদশ রানার্সআপ হয়।
খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে ফাইনাল ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময়ের খেলায় দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড জনতার কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (রাসেল)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৯নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম, হুমায়ুন মজুমদার, আবু সুফিয়ান রিপন,আজহারুল ইসলাম হাজারী ও বাবুল মজুমদার।
এ সময় আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রাপি, মোঃ মাহি, মোঃ জীবন ও মোঃ রাশেদসহ অন্যান্যরা।
প্রধান অতিথি বক্তব্য বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই মিনি ফুটবল টুর্নামেন্ট এলাকায় ক্রীড়াচর্চা ও ভ্রাতৃত্ববোধকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন মোস্তাফিজুর রহমান রাসেল ।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান উপস্থিত অতিথি ও আয়োজকরা।