POPULAR BD NEWS
Popular BD News Logo

ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ

মাহফুজ মল্লিক | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬ | সময়: ৮:০২ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরের কালীপুর থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা জমেছে, যার মধ্যে কালীরবাজার লঞ্চঘাট থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার অংশে নৌযান চলাচল পুরোপুরি বন্ধ। এ ছাড়া কালীপুরা-মতলব নৌরুটেও ট্রলারসহ নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

নদীর দুই পাড়ে অবৈধ মাছ ধরার ঝাঁক ও ঝোপে কচুরিপানা আটকে ঘন স্তর তৈরি হয়েছে; কোথাও কোথাও এর ওপর দিয়ে মানুষ হেঁটে পারাপারও করছে।

একসময় বৃহত্তর মতলবের নৌযান চলাচলের প্রধান পথ ছিল চাঁদপুরের ধনাগোদা নদী। ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নদীটির অন্তত ১০ কিলোমিটার এলাকা এখন কচুরিপানায় ঢেকে গেছে। কোথাও কচুরিপানার স্তর এতটাই ঘন যে তার ওপর দিয়ে মানুষ হেঁটে চলাচল করছে। এতে বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল ও কয়েকটি লঞ্চঘাট। চরম দুর্ভোগে পড়েছেন নদীর দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও নৌযান শ্রমিকেরা।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর ব্রিজ থেকে কালিরবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নদীজুড়ে কচুরিপানার ঘন স্তর জমেছে।

কালীরবাজার লঞ্চঘাট থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত এ অংশে একেবারেই বন্ধ রয়েছে নৌযান চলাচল। মতলব ধনাগোদার খেয়াঘাট, দুর্গাপুর, শ্রীরায়েরচর, বাংলাবাজার, রায়েরকান্দি, কালিরবাজার, নন্দলালপুর, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেববাজার, লক্ষ্মীপুর, টরকী, মাছুয়াখাল, শাহপুর ও নায়েরগাঁওসহ বিভিন্ন এলাকায়ও একই অবস্থা।

কচুরিপানার কারণে নদীতে আটকে পড়েছে কয়েকটি বালুবাহী বাল্কহেড। শ্রমিকদের অভিযোগ, প্রায় এক মাস ধরে তারা শ্রীরায়েরচর ব্রিজ এলাকায় আটকে আছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে নৌযানেই দিন কাটাতে হচ্ছে তাদের।

নদীর এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দুই পাড়ের বাসিন্দা ও শিক্ষার্থীরা। দাউদকান্দি অংশ থেকে ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের নদীপথ ব্যবহার করতে না পেরে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

শিক্ষার্থী রুহান, ফাতেমা ও জান্নাতী আক্তার জানান, নদীতে কচুরিপানা জমে থাকায় তাদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। আগে যে পথে সহজেই যাতায়াত করা যেত, এখন সেই পথ ব্যবহার করতে না পেরে দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে।

ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম বলেন, নদীর দুই পাড়ে অসংখ্য অবৈধ মাছ ধরার ঝাঁক রয়েছে। এসব ঝাঁকে কচুরিপানা আটকে থাকায় নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ থেকে সাত বছরে নদীর নাব্য কমে যাওয়া, অবৈধ দখল এবং মাছ ধরার ঝাঁক স্থাপনের কারণে ধনাগোদা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এর সঙ্গে শ্রীরায়েরচর ব্রিজের অপরিকল্পিত নির্মাণও পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এসব কারণে কচুরিপানা আটকে নদীটি এখন জলাভূমিতে পরিণত হয়েছে।

মতলবের জৈষ্ঠ্য সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন বলেন, ধনাগোদা নদীকে বাঁচাতে হলে অবৈধ দখল ও মাছ ধরার ঝাঁক উচ্ছেদের পাশাপাশি নদীর নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর ও স্থায়ী পরিকল্পনা প্রয়োজন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। স্থায়ীভাবে সমস্যা সমাধানে কচুরিপানা অপসারণ ও অবৈধ মাছ ধরার ঝাঁক উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলার নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করতে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। চাঁদপুর শহরসংলগ্ন ডাকাতিয়া নদীতে ৭৩৬টি অবৈধ দখল চিহ্নিত করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হবে।

তিনি আরো বলেন, মেঘনা-ধনাগোদা নদীর অবৈধ দখল এবং নদীর মধ্যে কচুরিপানা ও মাছ ধরার ঝাঁক দিয়ে মাছ চাষের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। পর্যায়ক্রমে প্রতিটি নদী অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন