শীতের আগমনের সঙ্গে সঙ্গে চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। চলতি নভেম্বর মাসের ২১ দিনে জেলায় প্রায় ৪০০ শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। শনিবার চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ৬০ জন শিশু। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তিনটি ইউনিটে ব্যবস্থা করা হয়েছে। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। কয়েকজন শিশু শয্যা পেলেও অধিকাংশকেই মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে শিশুদের পাশাপাশি স্বজনদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
চিকিৎসা নিতে আসা শিশুদের মা ও স্বজনরা জানান, প্রথমে সর্দি, কাশি ও তীব্র জ্বর দেখা দেয়। পরে মুখ ও শরীরে লালচে র্যাশ ওঠে, চোখ লাল হয়ে যায়। কোনো কোনো শিশুর শ্বাসকষ্টের মতো উপসর্গও দেখা দিচ্ছে।
চিকিৎসকদের মতে, আক্রান্ত শিশুদের মধ্যে হামের টিকা নেয়নি এমন শিশুর সংখ্যা বেশি। হাম দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি রোগের জটিলতা এড়াতে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা।