বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য প্রদান এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জহির আহমেদ জহিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এমপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এছাড়া বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এদিকে বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জেলা যুবদলের নবাগত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।