POPULAR BD NEWS
Popular BD News Logo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল

হাবিবুর রহমান | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬ | সময়: ৯:০৮ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি এবং গোপালগঞ্জ ও ফরিদপুরে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের নির্দেশনায় ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ছাত্রনেতা আব্দুল কুদ্দুস রিহাব মিজির নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ইউনিয়নের চালিয়াপাড়া থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনতলা এলাকায় যায়। পরে সেখান থেকে পুনরায় চালিয়াপাড়ায় এসে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

মিছিলের নেতৃত্বদানকারী আব্দুল কুদ্দুস রিহাব মিজি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কোনো রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। গোপালগঞ্জ ও ফরিদপুরে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক এবং যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের নির্দেশনা ও রাজনৈতিক আদর্শকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, আগামীতেও গণতন্ত্র, মানুষের অধিকার ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, আমিন পাটোওয়ারী, মাহতাব হোসেন শরীফ, নাছির হোসেন, মাসুম মিজি, আব্দুল মোতালেব, মেহেদী হাসান, মাহাবুব হোসেন, আরিফ হোসেন, হোসাইন আরিফ, আব্দুল কাদের (শুকু) মিজি, আব্দুর রহমান, আব্দুল কাদের বেপারী, আলামিন, আরাফাত, মোস্তফা, বাবুল, কাউসার ও আহাদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন