গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সংসদ সদস্যের দোতলা পাকা ভবন ও টিনশেড ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
পরে পেট্রল ও অকটেন ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার আগেই বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা নিরাপদে বেরিয়ে যান বলে জানা গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।