চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চাঁদপুর সদরের এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ বিষয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কার্যালয়ের আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।