চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মতলব দক্ষিণ উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা।
খেলা শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই দুই দল আক্রমণাত্মক ফুটবল নিয়ে মাঠে নামে। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলার লড়াই। দুই দলের খেলোয়াড়রাই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গোল আদায়ের জন্য মরিয়া হয়ে ওঠেন। তবে গোলের একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে কোনো দলই বল জালে জড়াতে পারেনি। ফলে গোলশূন্য ০-০ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে দুই দল। এরই ধারাবাহিকতায় ফরিদগঞ্জের হয়ে ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় পুষ্প পরপর দুটি গোল করে দলকে এগিয়ে নেন। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মতলব দক্ষিণ। গোল পরিশোধের লক্ষ্যে আক্রমণের গতি বাড়ায় দলটি। একপর্যায়ে মতলব দক্ষিণের অধিনায়ক ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাগর একটি গোল করে ব্যবধান কমান। এতে খেলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। শেষ মুহূর্ত পর্যন্ত গোলের চেষ্টা চালিয়েও সমতায় ফিরতে পারেনি মতলব দক্ষিণ। ফলে ২-১ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
খেলা চলাকালে চাঁদপুর স্টেডিয়ামের পশ্চিম পাশের দুটি গ্যালারিতে দুই উপজেলার বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের প্রতিটি আক্রমণ ও গোলের মুহূর্তে দর্শকদের উল্লাস, করতালি ও মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও দুই দলের সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা হলেন—মারুফ হোসেন, রেজাউল করিম, রহিম গাজী, রবিউল ইসলাম, তারিকুল ইসলাম, সাহাদাৎ হোসেন, সোহেল রানা বাবু, আনন্দ চন্দ দে, তমাল কুমার রায়, নাজমুল হাসান রাকিব ও ইয়াসিন হোসেন সজীব। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন হামিম, ওমর ফারুক, মোশারফ হোসেন, রিমন চন্দ রায়, তারেক হোসেন ও সাদনান হোসেন।
অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা হলেন—নুরুজ্জামান উদয়, সাগর চন্দ দাস, আরিফ হোসেন, শাতন, সাঈদ তালুকদার, ফারদিন ইসলাম রিফাত, ওমর ফারুক, জুনাইদ আহমেদ আকাশ, সোহেল রানা ও রতন চন্দ সরকার। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন তানভীর আহমেদ, ইসলাম জান ইমন, দুর্জয় চন্দ দাস, নাজমুল ইসলাম শাতন, জুবায়েদ আহম্মেদ, ফাহিম ঢালী ও তৌহিদুল ইসলাম সাফিন।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। এ ম্যাচে জয়ী দল ফাইনালে ফরিদগঞ্জের প্রতিপক্ষ হবে।